ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন রাজধানী দিল্লিতে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের হুমকির পর নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‘খালিস্তান’-এর নাম ব্যবহার করে পাঠানো ই-মেইলটির বিষয় ছিল ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’। এতে নির্দিষ্ট সময় উল্লেখ করে দিল্লিজুড়ে বড় ধরনের বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।
হুমকির পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট ও আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা প্রশাসকের কার্যালয় এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়কে হুমকির তালিকায় রাখা হয়েছে।
হুমকি পাওয়ার পর পুলিশ, বোম্ব স্কোয়াড ও নিরাপত্তা সংস্থাগুলো এসব এলাকায় তল্লাশি চালায়। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় বাড়ানো হয় নজরদারি ও নিরাপত্তা তল্লাশি।
তবে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর এখন পর্যন্ত সন্দেহজনক বা বিপজ্জনক কোনো বস্তু উদ্ধারের কথা জানায়নি নিরাপত্তা বাহিনী।
ই-মেইলটির পেছনে কারা রয়েছে এবং এটি আতঙ্ক ছড়ানোর কোনো অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ধ্রুব