কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে শহরের বাস টার্মিনাল সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভের পাশে দি গ্রান্ড ঢাকা হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে আতাউল কবির ওই কক্ষটি ভাড়া নেন। এরপর রাতে তিনি আর কক্ষ থেকে বের হননি।
শুক্রবার দুপুর ১২টার পর থেকে হোটেল কর্তৃপক্ষ কয়েক দফা দরজায় নক করলেও কোনো সাড়া পাননি। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে সদর মডেল থানার এসআই (নিঃ) মো. বেলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আতাউল কবিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
পুলিশ জানায়, নিহতের ব্যাগ তল্লাশি করে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮২০২০৪৯০৩৪। তাঁর সঙ্গে পুলিশ লাইন্স, খাগড়াছড়ির একটি ব্যক্তিগত স্বাস্থ্য কার্ডও পাওয়া গেছে।
আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আতাউল কবির ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার ওই কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব