কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে নেশার টাকার জন্য মারধর করার অভিযোগ দিতে গিয়ে থানা আঙিনায়ই মৃত্যুবরণ করেন মো. আবু তাহের মজুমদার (৭৫)।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুর আগে লিখিত অভিযোগ ও স্থানীয়দের তথ্যমতে নেশার টাকা না পেয়ে মা বাবাকে মারধর করে ছেলে শহিদুল ইসলাম শরীফ মজুমদার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাংপাই গ্রামের শহিদুল ইসলাম শরীফ মুজমদার (৩২) নেশার টাকার জন্য বাবা আবু তাহের মজুমদার ও মা শরীফা বেগমকে গালমন্দসহ মারধর করে। এছাড়াও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টায় নেশার টাকার জন্য বাবার ঘরে ঢুকে গালমন্দ করে। এক পর্যায়ে বাবা আবু তাহের মজুমদার ও মা শরীফা বেগমকে এলোপাতাড়ি কিল ঘুষি ও গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। ওই সময় আশেপাশের লোকজন ছেলে শরীফুল ইসলামের হাত থেকে তাদেরকে প্রাণে রক্ষা করে। এ ঘটনায় আহত আবু তাহের মজুমদার ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ লেখা শেষে থানা আঙিনায় পড়ে যান।
তাৎক্ষণিক থানা পুলিশ তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, পারিবারিক কলহের বিষয়ে থানায় অভিযোগ দিতে এসেছিলেন আবু তাহের মজুমদার নামে এক ব্যক্তি। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব