নরসিংদী প্রতিনিধি: রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে নরসিংদীর বেলাবোতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সফল তিন মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
রোববার (১৬ আগষ্ট) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে “জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।
এই সময় উপস্থিত বেলাবো উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, বেলাবো উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক,অর্থ সম্পাদক আলমগীর পাঠান'সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করে আমরা একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু গ্রামোর মোঃ সাইফুল ইসলাম আদিল, পাটুলী ইউনিয়নের চন্ডিপাড়া গ্রামের মো. কামাল মিয়া ও বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট গ্রামের পারুল বেগম'কে সেরা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।
মৎস্য চাষিদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রিপোর্টার্স২৪/ঝুম