ময়মনসিংহ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি ও আইন কঠোরভাবে প্রয়োগের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ময়মনসিংহের কাঁচাবাজার, পাইকারি বাজার, সুপারশপ, শপিংমলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ পলিথিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ ও নাজিয়া উদ্দিন।
সভায় মেছুয়া বাজার, সানকিপাড়া বাজার ও খাগডহর বাজারের মাছ, মাংস, চাল, সবজিসহ বিভিন্ন পণ্যের ব্যবসায়ীরা অংশ নেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব