স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষস্থানীয় শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।
১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলমান এ সফরের উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন সিআইআইর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। ১৪ সদস্যের এ প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা রয়েছেন।
এর মধ্যে রয়েছেন ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হসপিটালস এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতিনিধিরা। এছাড়া সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রতিনিধিদলটি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সভায় দুই দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে মতবিনিময় হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সিআইআই প্রতিনিধিদলের এ সফর ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে। সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, নতুন বিনিয়োগের ক্ষেত্র, শিল্প সহযোগিতা ও দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব