রিপোর্টার্স২৪ ডেস্ক: জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চলন্ত অবস্থায় আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যাওয়ায় ট্রেনটি মাঝপথে আটকে গেছে। এ ঘটনায় পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আকস্মিকভাবে ট্রেন বিকল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীরা।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রেললাইনের ওপর বরেন্দ্র এক্সপ্রেস বিকল হয়ে পড়ায় ওই রুট দিয়ে চলাচলকারী অন্যান্য ট্রেনও আটকে যায়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস। ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনের একটি কয়েল স্প্রিং ভেঙে যায়।
স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন চালক। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ট্রেনটি রেললাইনের ওপর বিকল হয়ে পড়ায় ওই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং ট্রেনের যাত্রী ও সংশ্লিষ্টরা বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
তিনি বলেন, চলন্ত ট্রেনের স্প্রিং ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেনটি আটকে গেছে। বিষয়টি জানার পর ট্রেনটি মেরামতের জন্য রেলওয়ের ওয়েম্যানদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা দ্রুত মেরামতের কাজ করছেন।
তিনি আরও জানান, বরেন্দ্র এক্সপ্রেস রেললাইনের ওপর বিকল হয়ে পড়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ট্রেনটি মেরামত করে সরিয়ে নেওয়ার পর ওই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
রিপোর্টার্স২৪/ঝুম