নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন নাসরিন ইসলাম নামে এক নারী। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শনিবার (২২ আগস্ট) দুপুরে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাসরিন ইসলাম অভিযোগ করেন, বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট সন্ধ্যায় কয়েকজন তার বাড়িতে গিয়ে তাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
নাসরিন ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তিনি নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
তার অভিযোগ, বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে নাসরিন ইসলাম বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। যারা আমাকে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
নাসরিন ইসলাম অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রিপোর্টার্স২৪/ঝুম