মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোর চক্রের এক সদস্য আহত হয়েছেন। আহত মনুমিয়া মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।
শনিবার (২২ আগস্ট) গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকার সুযোগে চোর চক্রের ৪ জন সদস্যের একটি দল ট্রান্সফরমার চুরি করতে যায়, ট্রান্সফরমার খোলার এক পর্যায়ে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্টে চোর চক্রের একজন সদস্য আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকালে আহত অবস্থায় মাঠের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব