শেরপুর প্রতিনিধি: শেরপুরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি মৎস্য ও পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শেরপুর সদর উপজেলার নওহাটা এলাকায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘ইউনিক ফিস অ্যান্ড পোল্ট্রি ফিডস’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।
পরে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্তসহ শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানিয়েছে, পশু ও মৎস্যখাদ্যের মান নিশ্চিত করা এবং অনুমোদনহীনভাবে এসব খাদ্য উৎপাদন ও বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব