ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া এলাকায় দ্রুতগামী পরিবহনের সাথে মোটরসাইকেলের টক্কর লেগে সালাউদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক সাব্বির ও আরোহী তামিম গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা এসআই মুনতাসীর মাহমুদ।
প্রাথমিকভাবে নিহত যুবকের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার চাঁদহাটের কুমারদিয়া বলে জানা গেছে। শিবচর হাই থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাদের অবস্থা গুরুতর হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরীভাবে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জিনিয়া আক্তার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি পরিবহনের পিছনে মোটরসাইকেল চালক দু'জন আরোহী নিয়ে দ্রুত গতিতে ছুটে চলছিলেন। পথিমধ্যে দুর্ঘটনা কবলিত স্থানে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী পরিবহনের পিছন দিকে গিয়ে ধাক্কা খেয়ে তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নিহত হন যুবক সালাউদ্দিন। গুরুতর আহত হন সাইকেলের চালক ও অপর আরোহী।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা স্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দিনের অপর দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার পূর্বসদরদী বাসস্টান্ড এলাকায়। অ্যাম্বুলেন্সদের সাথে যাত্রীবাহী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে গিয়েছে চালক মোশাররফ হোসেন, রোগী শিহাবসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়ভাবে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব