স্টাফ রিপোর্টার: এক সংসদ সদস্যের প্রশ্নকে ‘পল্টনের বক্তৃতার’ সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারলাম না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
অধিবেশনে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এক সংসদ সদস্য বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে গান-বাজনা, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া একটি কালচারাল জেলা। অথচ সেই জেলায় গান-বাজনা, সিনেমা নাকি বন্ধের মতোই।
এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর (আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার) করতে পেরেছেন? আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি কি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন, নাকি ব্যর্থ হয়েছেন? এ সময় তিনি নিহতের কিছু পরিসংখ্যানও তুলে ধরেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, এটা একটা প্রশ্ন।
তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই, সেটা আরেকটা প্রশ্ন। তিনি কত হত্যা, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন সেই ডাটাটা কিসের বা কী পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সেই স্ট্যাটিস্টিকস জানি না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত অপরাধ সংঘটিত হয়েছে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, রামিসা থেকে শুরু করে রংপুরে ইদানীং যে চারটি হত্যা হলো—সব ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিচার করা জুডিশিয়ারির কাজ তবে সামাজিক চাহিদার ভিত্তিতে দ্রুত বিচার সম্পন্ন করতে আমরা সহযোগিতা করেছি। এখানে কোথায় কী ব্যর্থতা আছে, সেটি বলতে হবে।
সংসদে ঢালাও মন্তব্য না করে তথ্যভিত্তিক আলোচনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বা পরিস্থিতির উন্নতি হয়নি—এগুলো কেবল বক্তব্যেই চলে। এটা সংসদ, এখানে তথ্যভিত্তিক কথা বলতে হবে। যদি কোনো স্পেসিফিক (সুনির্দিষ্ট) ঘটনার কথা আপনারা বলেন তবে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা ৩০০ বিধিতে বক্তব্য দিতে পারব।
তিনি আরও বলেন, কাগজ নিয়ে বলা হলো—এতটা হত্যা হয়েছে, এতটা গুম হয়েছে; সেটা কিসের স্টেটমেন্ট আমরা জানি না। সুনির্দিষ্ট কোনো ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ আনলে তখন আমরা বিতর্ক (ডিবেট) করতে পারব।
রিপোর্টার্স২৪/ধ্রুব