নারায়ণগঞ্জ প্রতিনিধি: তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, গ্যাসের চাপ বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সংকটের কারণে বিল পরিশোধে ব্যর্থ হলে সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে নারায়ণগঞ্জে স্মারকলিপি দিয়েছেন নীট ডায়িং ও টেক্সটাইল মিলস শিল্পের মালিকেরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ নীট ডায়িং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসক ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
ব্যবসায়ী নেতারা জানান, এক মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডায়িং শিল্পের কারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও গ্যাসের চাপ কম, কোথাও অনিয়মিত এবং কোথাও সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে উৎপাদন ব্যাহত হয়ে অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখছে।
তারা বলেন, ডায়িং, ফিনিশিং ও বয়লারসহ বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া গ্যাসের ওপর সরাসরি নির্ভরশীল। পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদনপ্রক্রিয়া বারবার বন্ধ ও চালু করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। ফলে অর্ডার বাতিল ও ক্রেতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ব্যবসায়ী নেতাদের দাবি, দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষেরও আশঙ্কা রয়েছে।
তারা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং চলমান সংকটের কারণে কোনো কারখানা সময়মতো বিল পরিশোধে ব্যর্থ হলে বকেয়া বিলের কারণে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি জানান।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নীট ডায়িং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, ডায়িং অ্যাসোসিয়েশনের সহসভাপতি জিএম হায়দার আলী বাবলু ও এম নাছির উদ্দিন, সদস্য হাসনাত কবির, শাহজাহান, মো. মহসিন রাব্বানী, কাজী নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব