ইন্টারন্যাশনাল ডেস্ক: ট্রাকের পেছনে একটি এসইউভি গাড়ি ধাক্কা দিলে এতে মা-সহ ছবি ভার্শনে নামক এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। একইসাথে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জান-গারোথ চার লেনের সড়কে রামখেড়ি গ্রামের কাছে ঘটেছে এ ঘটনা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এসইউভি গাড়িটি ট্রাকের পেছনে চলছিল। এ সময় গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, এসইউভি গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
গাড়িতে থাকা নারীদের একজন ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়েছিলেন। তাকে বের করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। আর আহতদের প্রথমে বারোদের সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেয়া হয় এবং পরে আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এনএইচএআই’র একটি অ্যাম্বুলেন্সে করে নিহত ছবি ও তার মা সারিকার লাশ বারোদের সরকারি হাসপাতালে নেয়া হয়। পুলিশ জানিয়েছে, স্বজনরা পৌঁছানোর পর তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব