চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে গণপরিবহনে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস ও চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক।
জানা গেছে, ২৯ আগস্ট রাত ৯টার দিকে ভুক্তভোগী নারী শিক্ষার্থী ফোন করে তৌফিককে জানান, বাসে করে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে পেছনের আসনে বসা এক ব্যক্তি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে যৌন হয়রানি করেছেন। ঘটনার পর তিনি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
বিষয়টি জানার পর তৌফিক তাৎক্ষণিকভাবে চবি ছাত্রদলের নেতাকর্মীদের বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। তার আহ্বানে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন, সহসভাপতি তৌহিদ, ফারহানসহ কয়েকজন নেতাকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে উপস্থিত হন।
একই সঙ্গে ঘটনাটি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধুরাও থানায় উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের উপস্থিতিতে হাটহাজারী থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে উপস্থিত হই। আমি যাওয়ার আগেই হাটহাজারী থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন। অপরাধীকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী ছাত্রী মামলা করতে চাওয়ায় ওসিকে অনুরোধ করি। পরে যৌন হয়রানির অপরাধের ধারায় মামলা হয় এবং সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।’
চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। সাহস করে ঘটনার কথা জানানোর জন্য তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে সাধুবাদ জানান।
তিনি আরও বলেন, একটি ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যেন গণপরিবহনে কোনো শিক্ষার্থী যৌন হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ