নরসিংদী প্রতিনিধি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আজকের তৈরি নয়, এটি দীর্ঘদিনের সমস্যা। গত ১৭ বছর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানিয়ে বলা হয়েছে, ওই এলাকা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। আমরা অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ এমন প্রচারণাও চালানো হয়েছে। এসবই ছিল ‘শুভঙ্করের ফাঁকি’।
তিনি অভিযোগ করে বলেন, বিদ্যুতের কোনো স্থায়ী সমাধান না করে কুইক রেন্টালের নামে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেওয়ার স্থায়ী সমাধানের পরিকল্পনা তৈরি করছি। এ জন্য কিছুটা সময় প্রয়োজন।
মাদকের বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলার সঙ্গে মাদকের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধী যে পরিচয়ই বহন করুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের অর্জনগুলো নষ্ট করার জন্য একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের উদ্দেশ্য বুঝতে হবে। তারা যেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের এমপি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
রিপোর্টার্স২৪/ঝুম