ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষিপুর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
ভিডিও দেখে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি বলেন, যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে এক একজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি।
এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে মিছিল করছেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়িনাই’-সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে সজাগ রয়েছে। মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/ধ্রুব