রিপোর্টার্স২৪ ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে নিজ ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দাদি বুলি বেগম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে বিপদে দেখে দাদি বুলি বেগম তাদের বাঁচাতে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিদুৎস্পর্শের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এদিকে মঙ্গলবার বিকালে জেলার মেলান্দহের কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ইসলাম তায়েফ নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। ওই শিক্ষার্থী বিকালে মাদ্রাসাঘরের টিনের চালে উঠলে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত জুনায়েদ মেলান্দহ থানার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।
রিপোর্টার্স২৪/ঝুম