নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দক্ষিণ সন্তাপুর এলাকার একটি বালুর মাঠসংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালানো হয়। শিবু মার্কেট বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের তথ্যনুযায়ী, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা এয়ার রাইফেলটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে যোগ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব