ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদর উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- একই জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এলে বিপরিত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নামে একজন নিহত হন।
এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল ও অজ্ঞাতনামা আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দিন বলেন, লাশ দুটি মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করেছেন স্বজনরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুর্ঘটনাস্থল ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিযাধীন।
রিপোর্টার্স২৪/ধ্রুব