চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) পরিচয়ের পুরুষ এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রেনটি শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের পশ্চিমে রেলক্রসিং অতিক্রম করার পূর্বেই হর্ন দিয়ে আসছিল। ওই সময় ওই ব্যক্তি রেললাইনের মাঝখান দিয়ে হাঁটছিলেন। লোকটি কোনো দিকে সরে না যাওয়ায় তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। যে কারণে তার দুই হাত-পা ও শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কিছু সময় পর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, পুলিশ এসে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে। কিন্তু কেউ লোকটির পরিচয় শনাক্ত করতে পারেনি।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব