বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বগুড়ার শাখারিয়া ইউনিয়নের পল্লী মঙ্গল হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আয়োজন করে শাখারিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সালেহ নয়ন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছামছুল আলম মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন শাখারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ হাসান জাহিদ হেলাল।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব