কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় মসজিদের নামকরণ ও কমিটির কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে ওয়াকফ করা জমিতে যামিনী-কামিনী কবরস্থান প্রতিষ্ঠিত হয়। পরে কবরস্থানের আয়ের অর্থে জমি কিনে প্রায় ২০ বছর আগে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। শুরুতে মসজিদটির নাম ছিল ‘কুদ্দুসিয়া জামে মসজিদ’। সম্প্রতি মুসল্লিদের একটি পক্ষ মসজিদের নাম ‘মাঠপাড়া জামে মসজিদ’ করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সম্প্রতি মসজিদে ‘কুদ্দুসিয়া জামে মসজিদ’ লেখা একটি সাইনবোর্ড টানানো হলে বিরোধ আরও তীব্র হয়। গত দুই শুক্রবার জুমার নামাজের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
সংঘর্ষে আফজাল মণ্ডল (৫৫), সোহরাব (৪৫) ও হালিম রেজা উজ্জ্বল (৩৬) আহত হন। আফজাল ও সোহরাবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হালিম রেজা উজ্জ্বলকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মসজিদ কমিটির সভাপতি গোলাম ছরোয়ার বলেন, মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদের নাম পরিবর্তন করা হয়েছে। তবে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক দাবি করেন, নাম পরিবর্তনের বিষয়ে তিনি কিছু জানেন না।
অন্যদিকে স্থানীয় আবুল কালাম সুমন বলেন, কবরস্থানের নাম অনুসারে মসজিদের নাম ‘যামিনী-কামিনী কবরস্থান জামে মসজিদ’ হওয়া উচিত।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, মসজিদের কর্তৃত্ব ও নামকরণ নিয়ে বিরোধের ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ