বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কাশীপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্করসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুন উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ অসীম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।
রিপোর্টার্স২৪/রাফিদ