স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছিল বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের ডার্বিতে সেই আয়োজনই ভিন্ন আবহ তৈরি করেছে। মেসির জন্য নির্ধারিত সম্মাননার সময় গ্যালারি থেকে করতালির পাশাপাশি ভেসে আসে ‘ফিদেও, ফিদেও’ স্লোগান। নিজেদের কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়াকেই সামনে আনেন রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সিদ্ধান্ত অনুযায়ী, মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতে সপ্তাহান্তে দেশের সব ম্যাচের দশম মিনিটে খেলা এক মিনিটের জন্য থামিয়ে করতালি দেওয়ার আয়োজন করা হয়।
রোববার গিগান্তে দে আর্রোয়িতো স্টেডিয়ামে রোজারিও ডার্বিতেও দশম মিনিটে খেলা থেমে যায়। মাঠের খেলোয়াড় ও গ্যালারির একাংশ মেসির সম্মানে করতালি দিলেও সেন্ট্রালের সমর্থকদের একটি বড় অংশ ‘ফিদেও’ স্লোগান দিতে শুরু করে। ‘ফিদেও’ হলো অ্যাঞ্জেল ডি মারিয়ার বহুল পরিচিত ডাকনাম।
ডি মারিয়া রোজারিও সেন্ট্রালেরই ঘরের ছেলে এবং বর্তমানে আবার ক্লাবটির হয়ে খেলছেন। অন্যদিকে মেসি শৈশবে নিউয়েলস ওল্ড বয়েজের একাডেমিতে খেলেছেন। এই দুই ক্লাবের দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে মেসিকে সম্মান জানানোর মুহূর্তটিও শহরের ফুটবল বিভাজনের প্রতীক হয়ে ওঠে।
নিউয়েলস অবশ্য নিজেদের মতো করে মেসিকে শ্রদ্ধা জানায়। দলটির জার্সিতে ছিল ‘গ্রাসিয়াস লিও’ লেখা বিশেষ প্যাচ এবং মেসির ছবি। অধিনায়কের আর্মব্যান্ডেও একই বার্তা রাখা হয়।
মাঠের লড়াইটিও ছিল নাটকীয়। গাস্তন আভিলার গোলে এগিয়ে যায় রোজারিও সেন্ট্রাল। তবে শেষ মুহূর্তে মাতিয়াস কোক্কারোর গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল হলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বৈধ ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় রোজারিওর বহুল আলোচিত ডার্বি।
রিপোর্টার্স২৪/রাফিদ