সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগে চলতি বছরে হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ১ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের ৭ মার্চ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৫ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন ৪২১ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৬ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৯ জন রয়েছেন। এছাড়া রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন ও পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্তদের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট বিভাগে মোট ১৫৮ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ