চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লেখালেখি ও মুক্তচিন্তা চর্চার সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কারিশমা ইরিন এ্যামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজিজ ওয়েসি।
নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আজিজ ওয়েসিও একই শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
নতুন দায়িত্ব নিয়ে সভাপতি কারিশমা ইরিন এ্যামি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে তোলা এবং মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই ২০১৯ সালে ফোরামের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর সংগঠনটি অনেক সৃষ্টিশীল ও মুক্তমনা লেখক তৈরি করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীলতার বিকাশ এবং মুক্তচিন্তার চর্চা বিস্তৃত করাই তাদের প্রধান লক্ষ্য। ফোরামের পূর্বের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।
এদিকে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়েছেন সদ্যবিদায়ী সভাপতি এ এইচ ইমন ও সাধারণ সম্পাদক মোনেম শাহরিয়ার শাওন। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ