রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দুটি ফেরির মধ্যে একটি দুই থেকে তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। অন্য ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে নদী পার হতে পারছে না।
স্থানীয় দোকানদার আজমল মন্ডল বলেন, ‘এই ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে। যে ফেরিটি চলত, সেটিও তিন দিন ধরে বন্ধ। এখানে ভালো ফেরি নেই।’
স্থানীয় বাসিন্দা লতিফ শেখ বলেন, ঘাটটিতে প্রায়ই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। বর্তমানে পদ্মায় তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে অনেক যানবাহন ফিরে যাচ্ছে। যাত্রীদেরও বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। ফলে ভোগান্তি আরও বেড়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ফেরির চাহিদার কথা জানিয়েছি। কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।’
স্থানীয়রা বলছেন, দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে দুর্ভোগ আরও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/রাফিদ