রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। বৈঠকে বাংলাদেশ থেকে ওমানে কৃষি ও মৎস্য খাতে কর্মী নেওয়াসহ দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। এ বিষয়ে ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
তিনি জানান, ওমানের আরেকটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার প্রক্রিয়ার অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। এটি বিগত সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদেশের নাগরিকরা নিয়মিতভাবে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বিষয়টি ওমান সরকারের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি ওমানে পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। বাংলাদেশের মানুষ যাতে ওমানে গিয়ে বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সেই সুযোগ সম্প্রসারণেও দুই দেশ একসঙ্গে কাজ করছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ওমানের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম