নাটোর প্রতিনিধি: নাটোর পৌর এলাকায় হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড সহ অন্য ওয়ার্ডেও যেন এখন তিল পরিমাণ ফাঁকা নেই। হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষক।
গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ভর্তি হয়েছে শতাধিক রোগী। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে বড় অংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।
রোগী রাজু আহমেদ,ফয়সাল আহমেদ,মিতু বেগম,সুমাইয়া খাতুন এবং স্বজন নুর মোহম্মদ জানান, নাটোর পৌরসভার সাপ্লাই পানীয় জল খাওয়ার পর থেকে তারা ডায়রিয়া আক্রন্ত হয়েছে।
গতকাল থেকে হঠাৎ পেট খারাপ ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসি। এখানে এনে দেখি শহরের আরও অনেকেই একই সমস্যায় ভর্তি হয়েছে। প্রাথমিক চিকিৎসা হিসেবে তাদের স্যালাইন দেওয়া হয়েছে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শাহিদা খাতুন বলেন, এভাবে রোগী বেড়ে যাওয়ায় তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সহ স্যালাইন রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, প্রতিবছরই এমন সময় ডায়রিয়া রোগী বৃদ্ধি পায়। এবছরও রোগীর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে প্রায় ৫শ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত প্রায় ৮০/৯০ বা একশ রোগী এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্যালাইনের প্রয়োজনীয় মজুদ ও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঋতু পরিবর্তন এবং অনিরাপদ পানির কারণে এই সমস্যা হতে পারে। সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিচ্ছেন তারা।
রিপোর্টার্স২৪/ঝুম