কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে দেবিদ্বার থানার চৌকস অফিসার এসআই ফিরোজ, পিএসআই তানভীরের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, দেবিদ্বার/বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শাহিন মিয়া।
এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিপ্লব চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংকের ভেতর সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তাঁর ৪ লাখ টাকা চুরি হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন ঐদিন ১০টার দিকে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দেবিদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে দেবিদ্বার থানায় নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম