বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, ‘পুলক চ্যাটার্জি তার ফোন ধরছিলেন না, বিষয়টি তার স্ত্রী আমাকে (সুমন) জানান। এরপর শুক্রবার সন্ধ্যায় আমি সমকাল অফিসে আসি। তখন অফিসের প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে মাঝেমধ্যেই তিনি সমকাল অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।
এদিকে, সদাহাস্যোজ্জ্বল এই সিনিয়র সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় একাধিক জ্যেষ্ঠ সংবাদকর্মী জানান, সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশায় ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার বলেন, আমরা ঘটনা শোনার পর পুলিশ পাঠিয়েছি। পুলিশ সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। সিআইডি টিম ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেছে।
রিপোর্টার্স২৪/রাফিদ