লক্ষ্মীপুর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে লক্ষ্মীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় পৌরসভার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, পৌর প্রশাসক সম্রাট খীসাসহ আরও অনেকেই।
এ সময় বক্তারা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন করলেই হবে না। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।’
রিপোর্টার্স২৪/ঝুম