বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া মহানগরের স্টেশন রোডে ফল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজী এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওমর ফারুক, নিহত নিঝুমের মা রঞ্জনা বেগমসহ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ওয়াহেদ হোসেন নিঝুমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে নিহত নিঝুমের বন্ধু স্বপনকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে নিহতের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তেরও দাবি জানানো হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব