ভাঙ্গা (প্রতিনিধি) ফরিদপুর : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন সাবেক স্থান চান্দ্রা এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দ্রা বাজারে আয়োজিত কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনটি চান্দ্রা এলাকাতেই ছিল। নদীভাঙনের কারণে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনটি মালিগ্রাম বাজার এলাকায় স্থানান্তর করা হয়। সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটি ঐতিহ্যবাহী স্থান চান্দ্রা বাজার এলাকাতেই নির্মাণ করতে হবে। চান্দ্রা প্রধান বাজার এলাকায় ইউনিয়নের প্রাণকেন্দ্র হওয়ায় এখানে ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সাধারণ মানুষের যাতায়াত ও সরকারি সেবা গ্রহণে সহজ হবে। উপস্থিত সকলে অন্য কোথাও নয়, সাবেক স্থান চান্দ্রাতেই ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের দাবি জানান।
এলাকাবাসীর আয়োজনে এবং প্রবাসী লিটন ব্যাপারীর সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় মাদ্রাসার সুপার শহিদ চৌধুরী, হাদিউজ্জামান খান রাজু, রুপাই মাতুব্বর, মেহেদী হাসান লালচান, দেলোয়ার হোসেন, রুমা আক্তার, নির্মল চন্দ্র দাস, সুমন মোল্লা, সায়েম মাতুব্বর, মনির মাতুব্বর ও আনোয়ার মাতুব্বর প্রমুখ। মানববন্ধন শেষে চান্দ্রা বাজারে বিক্ষোভ মিছিল করেন।
রিপোর্টার্স২৪/ঝুম