বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় ডোবা থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অটোরিকশা ছিনতাই করতেই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন ডোবার মধ্যে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যাচ্ছিল না। দুপুরে তার পরিচয় শনাক্ত হয়। মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন চালক আব্দুর রহমান।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এটি ছিনতাই এবং শ্বাসরোধে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির অটোরিকশা পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ উদ্ধার ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান ওসি।
রিপোর্টার্স২৪/ধ্রুব