শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বেসরকারি সংস্থা লিডার্স (LEDARS) বাস্তবায়নাধীন PROAACT প্রকল্পের উদ্যোগে ‘জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বয়ে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও উদীয়মান জলবায়ু ঝুঁকি, এর আন্তঃসম্পর্ক, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা সম্পর্কে অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরি করা। এর মাধ্যমে অগ্রিম প্রস্তুতিমূলক কার্যক্রম ও স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ, নদী ও উপকূলভাঙন, তাপপ্রবাহ, পানির সংকট, বাস্তুতন্ত্রের অবক্ষয় এবং কৃষি ও মৎস্য খাতের পরিবর্তনসহ বিভিন্ন ঝুঁকি নিয়ে কর্মশালায় আলোচনা হয়। এসব ঝুঁকির প্রভাব জীবিকা, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, পানি সম্পদ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর পড়ছে বলে আয়োজকেরা জানান।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম।
এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি অধিদপ্তরের কর্মকর্তারা, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব