বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলার দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বগুড়া টিম । পৃথক অভিযানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলায় অপর একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। বগুড়ার চারমাথা, সদর উপজেলার হাজরাদিঘী বলিয়াপাড়া ও মোহাম্মদ আলী হাসপাতাল এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত দুইজনকে সদর থানা, অপর একজনকে গাবতলী থানায় হস্তান্তর করেছে এসআরবি।
গ্রেপ্তার রাজিব উদ্দিন (২৫) বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনি হাজরাদিঘী মহল্লার নাজু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২ বছর সশ্রম কারাদন্ডের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একইসঙ্গে ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ২ মাসের কারাদন্ডে দন্ডিত।
এছাড়া, ফজলে রাব্বি (২৭) সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়ার রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলায় ১ বছর ২ মাসের সশ্রম কারাদন্ডের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার রাঙ্গা মিয়া (৪৫) গাবতলী উপজেলার বাসিন্দা। তিনি ধোড়া পূর্বপাড়া মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত ১৩ মে গাবতলীর উষ্ণুরখী উত্তরপাড়া থেকে ট্রান্সফরমার চুরি হয়। সেচ প্রকল্পের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম চুরির পর কৃষকেরা চাষাবাদ নিয়ে শঙ্কিত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন উষ্ণুরখী উত্তরপাড়ার রুবেল আলম। তিনি সহকারী প্রকৌশলী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বরেন্দ্র প্রকল্পের অপারেটর। মামলার তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ পলাতক আসামি রাঙ্গা মিয়া গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম