লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে শাহাদাত হোসেন মোহন (২৮) নামে ১২ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, দস্যুতা, অপহরণ, অস্ত্র ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।
মোহন জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন ওরফে শিহাব উদ্দিনের ছেলে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
তিনি জানান, শুক্রবার পুলিশের একটি চৌকস দল চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর নতুনহাটসংলগ্ন আদলের বাড়িতে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মোহনের বিরুদ্ধে তিনটি দস্যুতা, তিনটি চুরি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র, একটি অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
এ ছাড়া তিনি দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের দাবি, মোহন লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব