বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় লংমার্চ করতে হয়েছে। সরকার ১৮ কোটি মানুষের দাবিগুলো মেনে নিলে এ কর্মসূচির প্রয়োজন হতো না। দাবি মেনে না নিলে জনগণ এক দফার আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং দাবিগুলো মেনে না নিলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না।’ তিনি আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চাকরির পরিবর্তে এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। একই সঙ্গে সার, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত রায় কার্যকর, তেল-গ্যাস-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এবারের লংমার্চ ঢাকা থেকে রংপুরের দিকে হলেও ভবিষ্যতে পঞ্চগড় থেকে ঢাকার দিকে লংমার্চ হতে পারে বলেও তিনি জানান।
বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করা লংমার্চের বহর সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়ার চান্দাইকোনা হয়ে মাটিডালি বিমান মোড়ে পৌঁছায়। সেখানে স্থানীয় নেতাকর্মীরা বহরকে স্বাগত জানান। পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করে।
রিপোর্টার্স২৪/ধ্রুব