শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট জেলা আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শেরপুর শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের সড়কগুলো মুখর হয়ে ওঠে।
পরে জেলা বিএনপি কার্যালয়ে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
নবগঠিত জেলা যুবদলের কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতা সভাপতি, মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মিল্টন সিনিয়র সহসভাপতি এবং হাশেম আহাম্মেদ সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন, সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুর জেলা যুবদলকে একটি ‘মডেল যুবদল’ হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একই সঙ্গে সংগঠনের ভেতরে যেকোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান শওকত হোসেন। তিনি বলেন, শেরপুর জেলা যুবদলকে একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আনন্দ মিছিল ও সমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রিপোর্টার্স২৪/ঝুম