খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ওই পথ দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তাঁদের পানির ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেড়ে গেলে দুর্ভোগ আরও তীব্র হয়ে উঠত। বিশেষ করে দুল্যাতলী হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো।
সম্প্রতি দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে ওই পানির ছড়ার ওপর বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। এতে ছয়টি পাড়ার বাসিন্দাদের পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের চলাচলও সহজ হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সাঁকো নির্মাণের ফলে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতে কিছুটা স্বস্তি ফিরেছে।
দুল্যাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এখন স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং বাজার বা জরুরি কাজে যাতায়াতকারীদের আর পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে না।’
দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, ‘এটি একটি মহতী উদ্যোগ। পাহাড়ের মানুষ দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে যাতায়াত করে আসছেন। সেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করায় এলাকার মানুষের অনেক উপকার হয়েছে।’
রিপোর্টার্স২৪/রাফিদ