কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মেধা ও সৃজনশীলতা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নায়েবে আমির মো. সেফাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, আফজল হোসেন সৈয়দ মেম্বার, সাংবাদিক সফিকুল আলম সবুজ, উপজেলা সিনিয়র যুব বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাংবাদিক আব্দুল কাইয়ুম এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ অর্জনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, অল্প সময়ের মধ্যেই কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব