স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ক ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে নির্বিঘ্নভাবে দায়িত্ব পালনে সমর্থন করে চীন।
বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার-উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ করতে কৌশলগত যোগাযোগ আরও জোরদার এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করতে চীন প্রস্তুত রয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে বাংলাদেশ-চীন সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব