কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেটেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক এএইচএম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের জয় কুমার ঘোষের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে স্কুলছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব তার বাড়িতে গিয়ে ধর্ষণ করেন। এরপর বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়ের অস্বীকৃতি জানালে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে গত ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।তদন্ত শেষে মিরপুর থানার এসআই মুরাদুল ইসলাম ৩০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম