মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি পাখি ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভ্যানচালকদের মারধর করে মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে ছিনতাইকারীরা। আজ শুক্রবার ভোরে ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া ও দেবীপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী সোহান আলী জানান, তারা তিনজন নওদাপাড়া থেকে ষোলটাকার উদ্দেশে মাছ ধরতে যাচ্ছিলেন। দেবীপুর থেকে বামন্দীর সড়কে প্রবেশের পর ছিনতাইকারীরা বাঁশ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের হাতে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল। পরে তাঁদের মাঠের মধ্যে নিয়ে বেঁধে রেখে দুটি ভ্যান ছিনিয়ে নেয়। তার কাছে থাকা ৫ হাজার ৫০০ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে মাছ ধরার জাল ও হাঁড়ি রেখে যায় তারা। ছিনতাইকারীদের সবার মুখ বাঁধা ছিল।
অপর ভুক্তভোগী দেবীপুর গ্রামের রুহুল আমিন জানান, দেবীপুর পার হয়ে একটি কালভার্টের কাছে পৌঁছালে দুইজন ছিনতাইকারী তাঁর ভ্যানে উঠে পড়ে। সামনে আরও দুজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি ভ্যান ঘোরানোর চেষ্টা করলে লাঠি দিয়ে তার হাতে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে মাঠের মধ্যে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং কাছে থাকা ৭০০ টাকা ছিনিয়ে নেয়। তার ডাকাডাকি শুনে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। তার ধারণা, ছিনতাইকারী দলের সদস্যসংখ্যা ছিল ৬ থেকে ৭ জন।
গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম