স্টাফ রিপোর্টার: বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ইমেইলটি আসে। TypicalChineseman@gmail.com ইমেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা করার হুমকি দেওয়া হয়।
ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ওই ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এ হামলা করা হবে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ‘এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেটি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই।’
এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, অজ্ঞাত ই-মেইল থেকে এ হামলার হুমকি আমরা পেয়েছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এ মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব