রিপোর্টার্স২৪ ডেস্ক: জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ ভিশন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আগামী দিনে ক্রীড়াকে আরও বেশি গুরুত্ব দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। আমরা শিক্ষা ব্যবস্থায় ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই।
তিনি জানান, আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য।
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা এবার অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করা হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৩০ হাজার স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে চারটি খেলায় অংশ নিয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ও বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে সারা দেশ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আসা ৩ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মঙ্গলবার ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রায় রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে শিক্ষা ব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তরের যে প্রয়াস চলছে, এই প্রতিযোগিতা তার একটি বড় পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন জানিয়ে মাহদী আমিন বলেন, এই টুর্নামেন্টও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে গড়ে তোলার পাশাপাশি খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ ছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।
রিপোর্টার্স২৪/ঝুম