বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে বাসে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুরের ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), রংপুর কোতোয়ালি থানার বেলুবালারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং রংপুরের বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।
অভিযানকারী দল জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদক ও বাসটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মাদক পরিবহনের সঙ্গে গ্রেপ্তার চারজনের বাইরে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হবে।
এসআরবি-৬ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা গাঁজা ও জব্দ বাসসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অভিযানকারী দল।
রিপোর্টার্স২৪/ধ্রুব