কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী শহরের বিভিন্ন এলাকায় একটি কুকুরের কামড়ে অন্তত ৪২ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি কুকুর শহরের বিভিন্ন সড়কে ঘুরে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৪২ জন আহত হন। পরে আহতরা চিকিৎসা নিতে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
আহত রোকনুর জানান, হলবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পেছন থেকে একটি কুকুর তার হাঁটুতে কামড় দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আরিফুল বলেন, সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে আসা অনেক মানুষকে দেখতে পান। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে নিয়ন্ত্রণ করা না গেলে আরও মানুষ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করেন তিনি।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, কুকুরের কামড়ে আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কয়েকজনের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে। আহতদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। কুকুরটি ধরতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে কুকুরটির আতঙ্কে শহরের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কুকুরটি ধরা না পড়া পর্যন্ত আতঙ্ক ও শঙ্কা কাটছে না স্থানীয়দের।
রিপোর্টার্স২৪/রাফিদ